বিদেশে ২৫ হাজার ডলার নিতে পারবে সফটওয়্যার কোম্পানি

0
1972
গড়াইনিউজ২৪.কম:: সেবাদাতা আইটি ও সফটওয়্যার কোম্পানির বিদেশে অর্থ নেয়ার সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে এসব কোম্পানি বিদেশে খরচ মেটাতে বছরে ২৫ হাজার ডলার পর্যন্ত নিতে পারবে। আগে এ সীমা ছিল ২০ হাজার ডলার। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনার কথা জানানো হয়েছে। দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে সেবাদাতা আইটি ও সফটওয়্যার কোম্পানি বিদেশে খরচ মেটানোর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বছরে ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত নিতে পারবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বিদেশে অবস্থিত অফিস ব্যবস্থাপনাসহ বিভিন্ন ব্যয় মেটাতে আইটি বা সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠানগুলো দেশের বাইরে অর্থ নিয়ে থাকে। সার্বিকভাবে এখন ব্যয় আগের তুলনায় বেড়েছে। এতদিন ২০ হাজার ডলারের বেশি অর্থ নিতে হলে প্রতিষ্ঠানগুলোকে কেস-টু-কেস ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমতি নিতে হতো। যাচাই-বাছাই করে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সিদ্ধান্ত দিত। তবে এই প্রজ্ঞাপন জারির ফলে ২৫ হাজার ডলার পর্যন্ত নিতে অনুমতি নিতে হবে না। প্রজ্ঞাপনে আরও বলা হয়, আইটি ফার্মের একজন কর্মকর্তা বিদেশ ভ্রমণের সময় নিজের ইন্টারন্যাশনাল কার্ডে সর্বোচ্চ দুই হাজার ৫০০ ডলার নিতে পারবে যা আগে ছিল দুই হাজার ডলার।