
গড়াইনিউজ২৪.কম:: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে সংলাপে বসতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে এই বৈঠকের আহ্বান জানিয়ে আমন্ত্রণপত্র দেয়া হয়। সংলাপের আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের চিঠি পাওয়ার দুই দিন পর মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ঐক্যফ্রন্ট নেতা ড. কামালের বেইলি রোডের বাসায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দেন আ.লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্রে লেখা রয়েছে, ‘সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনার ২৮ অক্টোবর ২০১৮ তারিখের পত্রের জন্য ধন্যবাদ। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানসম্মত সকল বিষয়ে আলোচনার জন্য আমার দ্বার সর্বদা উন্মুক্ত। তাই, আলোচনার জন্য আপনি যে সময় চেয়েছেন, সে পরিপ্রেক্ষিতে আগামী ১ নভেম্বর ২০১৮ তারিখ সন্ধ্যা সাতটায় আপনাদের আমি গণভবনে আমন্ত্রণ জানাচ্ছি।’ দশম সংসদ নির্বাচন বর্জন করা দল বিএনপি ২০১৪ সালের নির্বাচনের পর থেকেই সংলাপে বসার আহ্বান জানিয়ে আসছিল। কিন্তু আওয়ামী লীগ তাদের কথায় কর্ণপাত করেনি। এজন্য ক্ষমতাসীন দলটির নেতারা দশম সংসদ নির্বাচনের আগে আলোচনার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে টেলিফোন করে শেখ হাসিনার প্রত্যাখ্যাত হওয়ার বিষয়টি বলে আসছিলেন। দুর্নীতির মামলায় দণ্ড পেয়ে বিএনপি প্রধান খালেদা জিয়ার কারাবন্দি হওয়া এবং গ্রেনেড হামলা মামলায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় খালেদার ছেলে তারেক রহমান দোষি সাব্যস্ত হওয়ার পর থেকে আওয়ামী নেতারা বলে আসছিল ‘খুনিদের’ সঙ্গে সংলাপ নয়।

























