৭-১ গোলে হারের প্রতিশোধ নিতে অধীর নেইমার

0
2520

গড়াইনিউজ২৪.কম:: জার্মানির কাছে গত বিশ্বকাপের সেই কলঙ্কজনক হারের প্রতিশোধ নেওয়ার জন্য ছটফট করছেন নেইমার। রাশিয়ায় বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার ফাঁকেই সেই মনোভাব পরিষ্কার করে দিয়েছেন ব্রাজিলের তারকা। ‘এ বার যদি জার্মানিকে সামনে পাই এবং হারাতে পারি তা হলে সেটা হবে ব্রাজিলের কাছে সবথেকে সুখের দিন, সব চেয়ে বড় প্রতিশোধ।’ ছয় বার বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে সোচিতে ঘাঁটি গেড়েছে ব্রাজিল। রাশিয়ায় পা দেওয়ার পর থেকেই ব্রাজিলকে ধরা হচ্ছে  খেতাবের অন্যতম দাবিদার হিসেবে। নেমার, ফিলিপে কুটিনহোরা সেই লক্ষ্যে তৈরি হচ্ছেন প্রত্যেক দিন। কিন্তু খেতাব জেতার পাশাপাশি তাদের কাছে চার বছর আগে ১-৭ গোলে হারের যন্ত্রণা কতটা দগদগে হয়ে রয়েছে, সেটা প্রকাশ্যে এনে দিয়েছেন নেইমার। ২০১৪-তে অভিশপ্ত সেমিফাইনালে ব্রাজিলের সেই হারের কথা বলতে দিয়ে নেমার বলে দিয়েছেন, ‘বেলো অরিজন্তের সেই হার কোনও ব্রাজিলিয়ান ভুলতে পারেনি। আমাদের দেশের ফুটবলে ওটা লজ্জার দিন। সেই কালো দিন মোছার জন্য মানসিকভাবে তৈরি হয়ে এসেছি আমরা।’ জার্মানির একটি ওয়েবসাইটে সাক্ষাৎকার দেওয়ার সময় বারবার আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিতের দলের এক নম্বর অস্ত্র। ‘সে দিন আমি মাঠে থাকলে ব্রাজিলের ফল এত খারাপ হত না। এ ভাবে সাত গোল খেতে হত না। ফল অন্য রকম হত।’ চোটের জন্য সেই ম্যাচের আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। নেমার জানেন গতবারের চ্যাম্পিয়ন জার্মানি এ বারও যথেষ্ট শক্তিশালী। তারাও খেতাবের অন্যতম দাবিদার। তা সত্ত্বেও চ্যালেঞ্জের সুরে বলেছেন, ‘আমি একবার ওই ম্যাচটা খেলতে চাই। বলতে পারেন খুবই আগ্রহী। সেটা এ বার হলেই ভাল হয়। দেখবেন তখন ফল কী হয়!’