
গড়াইনিউজ২৪: নারী ও শিশু হত্যার দায়ে ২০ জনের ফাঁসি কার্যকর করেছে ইরান সরকার। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, গত মঙ্গলবার এসব দণ্ড কার্যকর হয়। ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে বিভিন্ন হত্যাকাণ্ডের দায়ে ওই ২০ জনের ফাঁসি দেওয়া হয়। দণ্ডিতদের সবাই সুন্নি বলে জানা গেছে। ইরানের প্রসিকিউটর জেনারেল জাভেদ মন্তাজেরি জানান, তারা সবাই কুর্দি অধ্যুষিত এলাকার বাসিন্দা ছিল এবং চরমপন্থী তাওহিদ অ্যান্ড জিহাদ গোষ্ঠীর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ছিল। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ওই ২০ জনের বিচারকাজ পক্ষপাতদুষ্ট ছিল। দণ্ডিতদের একজন শাহরাম আহমাদির ব্যাপারে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর হিউম্যান রাইটস জানায়, আহমাদির কাছ থেকে জোর করে জবানবন্দি নেওয়া হয় এবং সেই জবানবন্দির ভিত্তিতে মামলা সাজানো হয়। ফাঁসি কার্যকর করার আগে ওই ২০ বন্দির কারো সঙ্গে স্বজনদের দেখা করতে দেওয়া হয়নি বলে দাবি করে সংস্থাটি। ইরানের শিয়াপ্রধান সরকার গত বছর ৯৭৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে বলে জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংখ্যার দিক থেকে গত বছর ইরানের অবস্থান ছিল দ্বিতীয়। প্রথম অবস্থানে থাকা চীনে এক হাজারের বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সূত্র : বিবিসি।

























