
গড়াইনিউজ২৪.কম:: যুদ্ধাপরাধী মীর কাসেমের ফাঁসির রায় নিয়ে তোড়জোড়ের মধ্যেই পিছিয়ে গেলো বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক (এফওসি)। এই নিয়ে গত আট মাসে চারবার পাকিস্তান প্রতিনিধি দলের ঢাকা সফরের তারিখ পরিবর্তন হলো। দীর্ঘ ছয় বছর পরে অনুষ্ঠিতব্য এফওসি-তে অংশ নিতে পাক পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরীর নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল বুধবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকায় আসার কথা ছিলো। তবে মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে পাকিস্তানের দিক থেকেই সফরটি স্থগিত করার করার জানানো হয়। এদিন সকালে ফাঁসির রায়ের পুনর্বিবেচনা চেয়ে মীর কাসেমের রিভিউ আবেদন খারিজ করে ফাঁসি বহাল রাখে আপিল বিভাগ। মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বলেন, এর আগের এফওসি ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল। সে অনুযায়ী এবারের বৈঠকটি ঢাকাতেই আয়োজন করা হয়েছে। আমরাও প্রস্তুত ছিলাম। তবে হঠাৎ করেই আজ রাতে ইসলামাবাদ এফওসি স্থগিত করার অনুরোধ জানিয়েছে। তবে কারণ স্পষ্ট করেননি তারা। দু’দেশের সুবিধাজনক সময়ে আবারও তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বারবার যুদ্ধাপরাধের বিচারের নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে দু’দেশের সম্পর্ক এক ধরনের তিক্ততায় নিয়ে গেছে পাকিস্তান। বারবার তারিখ পেছানোর পর যখন আবার এফওসি’র চূড়ান্ত তারিখ ঠিক হলো, তখনই ঢাকায় আরেক যুদ্ধাপরাধীর ফাঁসির রায় ঘোষণা হয়েছে। হয়তো যেকোনো সময় কার্যকরও হবে। এমন অবস্থায় ঢাকায় এসে বিব্রতকর পরিস্তিতিতে পড়তে চাইছেন না পাক পররাষ্ট্রসচিব।

























