
গড়াইনিউজ২৪.কম:: মাঘ মাসের মাঝামাঝিতে এসে শীতের যে কাঁপন টের পাওয়া যাচ্ছে বাংলাদেশে, তা আরও কয়েকদিন চলবে বলেই আভাস মিলেছে।
রাজশাহী ও রংপুর বিভাগসহ দেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে এখন মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা সারাদেশে সর্বনিম্ন। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ২৩ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। এবার শীতে এর আগে গত মাসে একবার তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রিতে নামলেও বড় এলাকাজুড়ে শীতের দাপট দেখা যায়নি। গত কয়েকদিন ধরে যে শৈত্যপ্রবাহ চলছে, তা রাজশাহী ও রংপুর বিভাগসহ টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙামাটি, ফেনী, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা জেলা এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিস্তৃত হয়েছে। এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে রোববার জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম থাকলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে হলে মৃদু শৈত্যপ্রবাহ বলে। ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে বলা হয় তীব্র শৈত্যপ্রবাহ।
গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মৌসুমের প্রথম দফা শৈত্যপ্রবাহ বয়ে যায়। এখন চলছে চলতি মৌসুমের চতুর্থ শৈত্যপ্রবাহ। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।
























