গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজল

0
783

জান্নাতুল ফেরদৌস প্রিয়ন্তী, গড়াইনিউজ ২৪.কম: ক্রমাগত গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে দেশজুড়ে। প্রচণ্ড গরমের পর এই বৃষ্টি যেন শীতল পরশ বুলিয়ে গেল। বৃষ্টিতে কমেছে তাপতাত্রাও। আবহাওয়া অফিস বলছে, আজকের মতো আগামী দিনগুলোও থাকবে বৃষ্টিমুখর। সোমবার সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসও দিয়েছিল, বৃষ্টি হবে। বেলা ১১টা১০ নাগাদ শুরু হয় তুমুল দমকা হাওয়া। এরপরই বৃষ্টি। গতকাল রবিবার আবহাওয়া অধিদপ্তর জানায় আগামী বৃহস্পতিবার নাগাদ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের টেকনাফ উপকূল ছুঁতে পারে। ফলে তাপমাত্রার বিদায় ঘটতে শুরু করবে। সোমবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া গতকাল দেশের প্রায় অর্ধেক অঞ্চলে সামান্য থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। তার মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৬১ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টি হয়েছে ২৫ মিলিমিটার। চাঁদপুর, ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার ও খুলনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমে আসতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।