ইয়াসের প্রভাবে পদ্মায় প্রচণ্ড ঢেউ, শিমুলিয়ায় নৌযান বন্ধ

0
795

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, “পদ্মা এখন উত্তাল। চলছে প্রচণ্ড ঢেউ আর বাতাস। এমন আবহাওয়ায় ফেরি চালানো সম্ভব না। তাই বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত ফেরি বন্ধ থাকবে।”

শিমুলিয়ায় ২ নম্বর ঘাটের পন্টুন ছিঁড়ে গেছে জানিয়ে তিনি বলেন, “বুধবার সকালে প্রচণ্ড ঢেউয়ে পন্টুনটি দুই ভাগে ভাগ হয়ে পুরোপুরি বিচ্ছিন্ন হযে যায়। অন্য তিনটি ঘাটও ঝুঁকিতে পড়েছে। সেগুলো রক্ষার চেষ্টা চলছে।

“১২টি ফেরি সরিয়ে বাংলাবাজার ঘাটে রাখা হয়েছে। কিন্তু শিমুলিয়ায় নোঙ্গর করা ছয়টি ফেরি রক্ষা করতে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। প্রবল ঢেউয়ে ফেরি নোঙ্গর করা রশি ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। এদিকে পদ্মার পানি আড়াই ফুট বৃদ্ধি পেয়েছে। ঢেউয়ের উচ্চতা অন্তত তিন ফুট।”

এর আগে বুধবার বিকালেই অন্যান্য নৌযান বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিমুলিয়ার নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন।

এমন পরিস্থিতিতে ঘাটে আটকা পড়েছে গাড়িসহ হাজার হাজার মানুষ।

মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. হাফিজুল ইসলাম বলেন, শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে। এর মধ্যে বাস, ট্রাক, প্রাইভেট কারের সংখ্যা বেশি। এতে দুর্ভোগ পোহাচ্ছে কয়েক হাজার মানুষ।

শারমিন আক্তার সোমা/গড়াই নিউজ২৪.কম::