জিয়া পরিবারকে সরকার ভয় পায়: মোশাররফ হোসেন

0
2554

গড়াইনিউজ২৪:: সরকার জিয়া পরিবারকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার মতে, ‘ভয় পায় বলেই জিয়া পরিবারের ওপর সরকার নির্যাতন চালাচ্ছে। ক্ষমতাসীনরা জিয়া পরিবারকে সহ্যই করতে পারে না।’ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব বলেন। আরাফাত রহমান কোকোর ৪৭তম জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বর্তমান শাসনামলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। দেশে গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই। অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। এ অবস্থায় গণতন্ত্র উদ্ধার করে দেশকে ফ্যাসিবাদী সরকারের হাত থেকে রক্ষা করার শপথ নিতে হবে।’ বিএনপির এই নেতা মনে করেন, ‘আরাফাত রহমান কোকো নির্যাতনের কারণে মারা গেছেন। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও তার ওপর নির্যাতন চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদের নামে তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায়। নতুন কমিটি থেকে বাদ পড়া ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, ‘মন খারাপ করবেন না। অনেক ত্যাগ স্বীকার করেছেন; ধৈর্য্য ধরুন; অবশ্যই আপনাদের মুল্যায়ন করা হবে।’ দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশিক্ষণ-বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।