নরসিংদীতে জঙ্গী আস্তানা সন্দেহে একটি বাড়ী ঘেরাও করে রেখেছে র‌্যাব

0
1539

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি,গড়াইনিউজ২৪.কম:: জঙ্গী আস্তানা আছে সন্দেহে র‌্যাব-১১ এর সদস্যরা নরসিংদী শহরের গাবতলী উত্তরপাড়ার একটি বাড়ী ঘেরাও করে রেখেছে। র‌্যাবের সাথে রয়েছে নরসিংদী পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও। শনিবার বিকেল ৪ টায় র‌্যাব-১১ বাড়ীটি ঘেরাও করার পর এলাকাসহ সারা নরসিংদীর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। এলাকার লোকজন জানায়, বাড়ীর মালিকের নাম মঈন উদ্দিন ওরফে মঈন আহমেদ। তিনি দুবাই প্রবাসী জীবন যাপন করছেন। এ বাড়ীতে তিনি বা তার পরিবারের লোকজন বসবাস করেন না। বিল্ডিংটি দু’তলা এবং নির্মানাধীন। প্রায় এক বছর পূর্বে জাফর, সালাহ উদ্দিন ও আলামিনসহ ৪জন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্র বাড়ীটি ভাড়া নেয়। এরপর থেকেই র‌্যাব বাড়ীটি তাদের নজরদারীতে নেয়। গত কয়েক দিন পূর্বে এই শিক্ষার্থীরা ভাড়াটের সাথে আরো সন্দেহভাজন ২ জন লোক বাড়ীতে উঠার খবর পেয়ে র‌্যাব শনিবার বিকেলে বাড়ীটি চার দিক থেকে ঘেড়াও করে রাখে। তবে বাড়ীর ভেতরে থাকা সন্দেহভাজন লোকজন জানালা দিয়ে উকি ঝুকি মারতে দেখা গেছে। কখনো তারা বিদ্যুতের আলো জালায়, আবার নিবিয়েও দেয়। তবে যে কোন সময়ই বাড়ীতে অভিযান শুরু হতে পারে বলে জানা গেছে। ইতোমধ্যেই র‌্যাব-১১’র অধিনায়ক লে: কর্ণেল কামরুল হাসান ঘটনাস্থলে পৌছেন। তিনি সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত দেয়ার পরই অভিযান শুরু হবে বলে জানা গেছে। তবে র‌্যাব-১১’র অধিনায়ক সাংবাদিকদেরকে বলেছেন র‌্যাবের আরো উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে আসবেন। তারা আসার পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত গস্খহণ করা হবে। র‌্যার-১১’র সিনিয়র এ এসপি আলেক উদ্দিন সাংবাদিকদেরকে আরো জানান, আমরা সন্দেহ করছি বাড়ীটিতে জঙ্গী সদস্যরা রয়েছে। তবে তিনি বাড়ীটির ভেতরে কতজন অবস্থান করছেন সে সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেননি। ধারনা করা হচ্ছে ৫/৬ জন সন্দেহভাজন লোক বাড়ীতে রয়েছে। তবে একটি সূত্র থেকে ৪ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, জাফর, সালাহ উদ্দিন ও আলামিন। নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম সাংবাদিকদেরকে জানান, অভিযানটি পুরোপরি র‌্যাব কর্তৃপক্ষের। আমরা তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। সেখানে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরাও রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাড়ীর ভেতরে বসবাসকারী সন্দেহভাজন ভাড়াটিয়াদের নাম পরিচয় জানা যায়নি। তবে সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত র‌্যাব বাড়ীর মালিক প্রবাসী মঈন উদ্দিন আহমেদের ছোট ভাই জাকারিয়াকে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তবে র‌্যাব-১১’র কমান্ডিং অফিসার লে: কর্ণেল কামরুল হাসান জানান, আমরা পরবর্তী পদক্ষেপের বিষয়ে চিন্তাভাবনা করছি। রাত যতই ঘনিয়ে আসে, তাতে অভিযান চালানো কষ্টদায়ক হবে। এলাকাবাসীর এবং সাধারণ লোকজনের নিরাপত্তার স্বার্থে সুযোগ বুঝে অভিযান চালাবো। যাতে অনাকাঙ্খিত কোন ঘটনা না ঘটে।