সাড়ে ৩কেজি স্বর্ণসহ বিমানের মেকানিক গ্রেপ্তার

0
1335

গড়াইনিউজ২৪.কম:: রাজধানী ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে তিন কেজি স্বর্ণসহ মো. লিয়াকত আলী নামে বিমানের এক মেকানিককে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেকানিক হিসেবে কর্মরত আছেন। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ৫টা ৪০ মিনিটে ইকে ফ্লাইট ৫৮৬ অবতরণের পর ক্লিনিংয়ের কাজ তদারকি করছিলেন লিয়াকত। এসময় বিমানের ২৩ নং সিট ২৩ থেকে স্বর্ণবারগুলো সংগ্রহ করে নিজের জুতায় লুকিয়ে ফেলেন তিনি। শুল্ক গোয়েন্দার দল গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টায় বিমানকর্মীর দেহ তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করে। এগুলো তিনটি প্যাকেজে মোট ৩০টি বারে লুকায়িত অবস্থায় পাওয়া যায়। তিনি আরও জানান, আটক প্রতিটি বারের ওজন ১১৫ গ্রাম। সে হিসেবে বারগুলোর মোট ওজন ৩.৪৫ কেজি। এর আনুমানিক মূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা। প্রকৃত দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান শুল্ক গোয়েন্দা ডিজি মঈনুল খান।