তরুণরাও হাঁটবে গুণীদের পথে আশা প্রধানমন্ত্রীর

0
805

গড়াই নিউজ ২৪.কম :: বৃহস্পতিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে নয়জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে ২০২১ সালের স্বাধীনতা পুরস্কার তুলে দিয়ে তিনি এ কথা বলেন।

পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে সরকার প্রধান বলেন, “আমি এটাই চাই যে আপনাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের প্রজন্মের পর প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। স্ব স্ব কর্মস্থানে তারা নিশ্চয় তাদের মেধা, মননে যোগ্য একটা অবস্থান করে নেবে এবং দেশ ও জাতির জন্য তারা কিছু অবদান রেখে যাবে।”

প্রতিবছর ‘হাতে গোনা’ কয়েকজনকে সরকার পুরস্কৃত করতে পারলেও সমাজের আরো অনেককে তাদের অবদানের জন্য সম্মান জানানো উচিত বলে মত দেন প্রধানমন্ত্রী।

“সমাজের বহু ক্ষেত্রে অনেক অবদান তারা রেখে যাচ্ছেন। তাদেরকে পুরস্কৃত করতে পারা মানে আমরা আমাদের জাতিকে পুরস্কৃত করা, নিজেদেরকে পুরস্কৃত করা।”

পুরস্কারপ্রাপ্ত গুণীদের সামনে প্রধানমন্ত্রী বলেন, “অন্তত আপনাদের কাছ থেকে তারা (তরুণরা) উৎসাহ পাবে। দেশের জন্য, জাতির জন্য, জাতির কল্যাণের জন্য তারা কাজ করবে।”

দেশের মানুষ যাতে সুন্দরভাবে, মাথা উঁচু করে বাঁচতে পারে- সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজকে আমরা যতদূর এগোতে পেরেছি, ৫০ বছর পূর্তিতে, আমি বলব উন্নয়নশীল দেশ হিসেবে যেই অর্জনটুকু করতে পেরেছি, সেইটুকু ধরে রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই।”

এমনিতে প্রতিবছর স্বাধীনতা দিবসের আগের দিন বড় আয়োজন করে স্বাধীনতা পুরস্কার দেওয়া হলেও এবার করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতার কারণে যে সীমিত পরিসরে এ অনুষ্ঠান করতে হয়েছে, সে কথাও বলেন শেখ হাসিনা।

 

শারমিন আক্তার সোমা ,গড়াই নিউজ ২৪.কম ::