ইভিএম ও ইসির ওপর মানুষের আস্থা নেই : বদিউল আলম মজুমদার

0
598
ক্রবার রংপুরের আরডিআরএস’র বেগম রোকেয়া মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ড. বদিউল আলম মজুমদার। ছবি: গড়াইনিউজ।

রংপুর প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ইভিএম একটা দুর্বল যন্ত্র, নিকৃষ্ট যন্ত্র। এটি ইলেকট্রনিক যন্ত্র হলেও ফল তৈরি হয় ম্যানুয়ালি। যেখানে স্যুট-প্যান্ট পড়ে ভদ্রভাবে কারচুপি করা যায়। ইসি কর্মকর্তা, কিংবা নির্বাচনকালীন কর্মকর্তারা তাদের আঙ্গুলের ছাপ দিয়ে অথবা কারিগরি সহাতায় কারসাজি করতে পারবে। অর্থাৎ ইভিএম দিয়ে সব ধরনের কারসাজি সম্ভব। তাই ইভিএম ও ইসির ওপর মানুষের আস্থা। তা ছাড়া বর্তমান অর্থনৈতিক সংকটে ইভিএমের পেছনে প্রায় এক বিলিয়ন টাকা খরচ করা সমীচীন হবে না।

আজ শুক্রবার বিকেলে রংপুরের আরডিআরএস’র বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত নাগরিক সংলাপ অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, কোনো দলীয় সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ আমরা দেখেছি, অতীতের যত নির্বাচন হয়েছে তার মধ্যে দলীয় সরকারের আমলে নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি। তবে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হবে নাকি নির্বাচনকালীন সরকারের মাধ্যমে হবে তা নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলো। আমরা শুধু সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছি। তা ছাড়া সংবিধান সংস্কার করে ইসির অধীনে থাকা সংস্থাগুলো শক্তিশালী করলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। এরপরে আরডিআরএস’র বেগম রোকেয়া মিলনায়তনে ‘কেবল অর্থনৈতিক সংস্কার নয়, সংকট সমাধানে প্রয়োজন রাজনৈতিক সংস্কার’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। নাগরিক সংলাপে সুজন রংপুর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুজন মহানগর সভাপতি ফখরুল আনাম বেঞ্জু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) নাসিমসহ অন্যান্য সুশীল সমাজের নেতৃবৃন্দ।