পদে পদে ভোগান্তি ঢাকায় ফিরতে

0
784

গড়াইনিউজ২৪.কম:: মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান লকডাউন তথা বিধিনিষেধের মধ্যে ঈদে বাড়ি গেছেন লাখো মানুষ। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ শেষে ঈদের পরদিন থেকেই ঢাকায় ফেরার প্রতিযোগিতা শুরু হয়েছে। কর্মস্থলে ফিরতে মরিয়া মানুষ নানা কৌশলে ফিরছেন রাজধানীতে। ভোগান্তির পাশাপাশি তাদের গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি টাকা।দূরপাল্লার গাড়ি না চললেও অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস আর প্রাইভেটকার ভাড়া করে ঢাকার পানে ছুটছেন তারা। কেউ কেউ পিকআপ ভ্যানে করেও ঢাকায় ফিরছেন।গত চার দিনের মতো বুধবারও দেশের বিভিন্ন ঘাটে ও মহাসড়কে এমন দৃশ্য দেখা গেছে। তবে গত কয়েকদিনের তুলনায় আজকে ঢাকামুখী মানুষের চাপ অনেকটা কম ছিল। তারপরও যারা ফিরছেন তাদের নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। সেই সঙ্গে গুনতে হচ্ছে কয়েকগুণ বাড়তি টাকা।দেশের দক্ষিণবঙ্গ থেকে আসা বিভিন্ন জেলার মানুষের আজও ভিড় ছিল ফেরিঘাটে। পদ্মার ঘাটে ফেরি পেলেই তাতে লাফিয়ে উঠছেন ঢাকামুখী যাত্রীরা। মহাসড়ক দিয়ে আসা মানুষও বিভিন্ন উপায়ে রাজধানীতে ফিরছেন।এদিকে ঈদের পর থেকে রাজধানীর সড়কে মানুষ আর গণপরিবহনের চলাচল অনেকটা বেড়ে গেছে। তবে করোনাভাইরাস মহামারির আশঙ্কা আর ভয় থাকায় অধিকাংশ যানে যাত্রী সংখ্যা তুলনামূলক অনেক কম দেখা গেছে।ঘরে থাকা আর সামাজিক দূরত্ব মানার পরিবর্তে শুরু হয়েছে অবাধ চলাচল। নির্বিচারে মানুষের চলাফেরায় ঈদের পর করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে।

জান্নাতুল ফেরদৌস প্রিয়ন্তী/গড়াইনিউজ২৪.কম::