কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি‘র কর্মীসভা অনুষ্ঠিত

0
847

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় দৌলতপুর সরকারী পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এ কর্মীসভার আয়োজন করা হয়। কর্মী সভায় সভাপতিত্ব করেন, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক মো: কুতুব উদ্দিন আহাম্মেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী মো: জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলতাফ হোসেন, উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল। কর্মী সভায় দৌলতপুর উপজেলার ১৪ টি ইউনিয়নের বিএনপি’র অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। কর্মীসভায় দৌলতপুর উপজেলা বিএনপি‘র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং আগামীতে নতুন কমিটি উপহার দেয়া হবে বলে উল্লেখ করা হয়। কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক মো: কুতুব উদ্দিন আহাম্মেদ  বলেন, গঠনতন্ত্রের আলোকে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে দল পুনর্গঠন হতে যাচ্ছে। বিগত সরকারের আমলে আমরা এমনভাবে সমবেত হতে পারিনি। আমরা দলকে এগিয়ে নেওয়ার জন্য এক আছি এক থাকব। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির আন্দোলনে যারা সক্রিয় ছিলেন, ১৭ বছর যারা হামালা-মামলা নির্যাতন সহ্য করে আমাদের সাথে ছিলেন, আমরা তাদের চিনি জানি। আমরা ওয়াদা করছি যে, তাদের নিয়েই কমিটি গঠন করব। কর্মীসভায় প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী মো: জাকির হোসেন সরকার বলেন, গত ৫ আগস্টের আগে দেশে গণতন্ত্র ছিল না, জনগণের ভোটাধিকার ছিল না, কিন্তু স্বৈরশাসন ছিল। ৫ আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে দেশ ছাড়তে বাধ্য করেছেন দেশের জনগণ। ১৭ বছর কথা বলতে না দেওয়ার যন্ত্রণা, সভা-সমাবেশ করতে না দেওয়ার যন্ত্রণা তারই বহিঃপ্রকাশ আজকের এই জনসমাগম। তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে যারা ভালোবাসেন, তারেক জিয়ার নেতৃত্ব যারা পছন্দ করেন, সেই বিএনপি আবার ঘুরে দাঁড়াতে চায়, তারই বার্তা দেওয়ার জন্য এই আগমন। কর্মিসভায় সর্বশেষে দৌলতপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।