
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: সারা দেশে যেখানে করোনা ভাইরাস সংক্রমনের ভয়ে সরকার সারা দেশ লক ডাউন করে দিয়েছে সেখানে সরকারের নির্দেশ কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কারখানা চালিয়ে যাচ্ছে কুষ্টিয়া শহরের জগতি বাইপাস সড়কের পাশে এ এস ইন্ডাঃ নামের এক নিষিদ্ধ পলিথিন কারখানা। দীর্ঘদিন ধরে সেখানে বিভিন্ন পলিথিন তৈরী হচ্ছে বলে স্থানীয়রা জানান। সরেজমিনে গিয়ে দেখা যায়, কিছু কিশোর ও মহিলারা এই কারখানায় কাজ করছে। তাদের কারো মাস্ক বা নিরাপত্তা পোশাক গায়ে নেই। নোংরা কাঁচামাল পানি দিয়ে পরিস্কার করছে কিছু মহিলারা। আর তিনজন কিশোর পলিথিন তৈরীর মেশিন চালাচ্ছেন। তাদের গায়ে নিরাপত্তা পোশাক ও মাস্ক নেই কেন? জানতে চাইলে তারা বলেন, মালিক দেয়নি বা আমাদের নিয়ে আসতেও বলেনি। এদিকে এ এস ইন্ড্রাঃ এর জিএম মাইনুর রশিদ ডলার এর সাথে কথা বললে তিনি জানান, এই কারখানা আগে অন্য মালিকের ছিল। গত দুই মাস আগে আমরা কিনেছি। কোন কাগজপত্র এখনো করা হয়নি। জমি রেজিস্ট্রি হওয়ার জন্য অপেক্ষা করছি। এই কারখানার নাম পরিবর্তন করে রাখা হবে গোল্ডেন পলিমার। এখন অল্প কিছু পলিথিন তৈরী হচ্ছে, কাগজপত্র কমপ্লিট হলে বড় পরিসরে কাজ করা হবে। শ্রমিকদের শরীরে মাস্ক বা নিরাপত্তা পোশাক নেই কেন জানতে চাইলে তিনি বলেন, দিয়েছি কিন্তু শ্রমিকরা পড়েনি। কাগজপত্র কমপ্লিট না করে কিভাবে পলিথিন কারখানা চালাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, আগে যে মালিক এই কারখানা চালাতেন তিনি আওয়ামী যুবলীগের নেতা ছিলেন হয়তোবা এই কারনে তিনি কাগজপত্র কমপ্লিট করেছিলেন না। এদিকে স্থানীয়রা জানান, এই কারখানা বেশ কিছুদিন ধরেই এখানে চলছে। মাঝে মাঝে কারা গাড়ি নিয়ে আসে আবার চলেও যায়। এখানে নিষিদ্ধ পলিথিন তৈরী করা হয় বলেও জানান তারা। কারখানার চারিদিকে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। কেউ আসলে তারা আগেই টের পেয়ে কারখানা বন্ধ করে দেন। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩