
ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: উচ্চ আদালতের নির্দেশে স্থগিত এবং পরে স্থগিতাদেশ প্রত্যাহার হওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটের নতুন তারিখ দিয়েছে নির্বাচন কমিশন। ঈদের পর ২৬ জুন ভোট নেয়ার ঘোষণা এসেছে। ভোট নিতে নতুন করে তফসিল ঘোষণা করা হবে না। স্থগিত নির্বাচনে যারা প্রার্থী ছিলেন, তারাই থাকবেন প্রতিদ্বন্দ্বিতায়। অর্থাৎ আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম এবং বিএনপির হাসান উদ্দিন সরকারের মধ্যে জমজমাট একটা লড়াইয়ের জন্য আর কোনো সংশয় নেই।
আগামী মঙ্গলবার খুলনার পাশাপাশি গাজীপুরেও ভোট হওয়ার কথা ছিল। কিন্তু নয় দিন আগে গত ৬ মে হাইকোর্ট ভোটে তিন মাসের স্থগিতাদেশ দেয়। তবে ১০ মে আপিল বিভাগে এই স্থগিতাদেশ তুলে নিলেও সময় নষ্ট হওয়ায় ১৫ মে ভোট করা সম্ভব হবে না বলে জানায় নির্বাচন কমিশন। স্থগিতাদেশ উঠে যাওয়ার দিনই কমিশনের পক্ষে থেকে আজ রবিবার ভোটের নতুন তারিখ দেয়ার কথা জানানো হয়। তার সে অনুসারেই কমিশনের নতুন সিদ্ধান্ত জানানোর কথা বলেন সাংবিধানিক প্রতিষ্ঠানটির সচিব হেলালুদ্দীন আহমদ। গত ৩১ মার্চ তফসিল ঘোষণার আগেই প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছিলেন খুলনা ও গাজীপুর ছাড়া বাকি তিন মহানগর রাজশাহী, বরিশাল ও সিলেটে তারা ঈদের পর ভোট নেবেন। ফলে গাজীপুর স্থগিতাদেশ উঠে গেলেও রোজায় যে ভোট হচ্ছে না, সেটা আগে থেকেই অনুমিত ছিল। আজ কমিশনের সভাশেষে ২৬ জুন ভোটের তারিখ জানিয়ে নির্বাচন কমিশন সচিব জানান, এই নির্বাচনে নতুন করে তফসিল ঘোষণা করতে হবে না।আর ২৪ এপ্রিল প্রচার শুরুর পর প্রার্থীরা ১২ দিন প্রচার চালিয়েছেন। রীতি অনুযায়ী প্রার্থীদেরকে প্রচার শুরুর ২১ দিন পর হয় ভোট। তার ঈদের পর ভোটের জন্য গাজীপুরের প্রার্থীরা সময় পাবেন বাকি নয় দিন। অর্থাৎ ১৮ জুন শুরু হবে গাজীপুরের স্থগিত হয়ে যাওয়া প্রচার। গত ৬ এপ্রিল গাজীপুরের ভোট স্থগিত করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের আদেশে ২৮ জুনের মধ্যে ভোটের আয়োজন করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হয়। এর আগে প্রধান নির্বাচন কমিশনর কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় নির্বাচন কমিশনার, কমিশন সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তা, রিটার্নিং কর্তকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট পিছিয়েছে সাভারের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজের কারণে। তিনি এই ভোট বানচালে মরিয়া ছিলেন এবার। সুরুজ গত ১০ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে আইনজীবী নিয়োগ করে ভোট বানচালে রিট করেছিলেন। কিন্তু তার সেই আবেদন সেদিন উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়ে গেলেও ৬ মে সে তথ্য গোপন করে সৈয়দ রেজাউর রহমানকে আইনজীবী নিয়োগ করে আরেকটি রিট করেন।
সুরুজের আপত্তি ছিল তার ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুরে অন্তর্ভুক্তি নিয়ে। তবে এই সিদ্ধান্ত হয়েছে ২০১৩ সালের জানুয়ারি। আর তখন থেকেই সুরুজ এ নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন। যদিও প্রশাসনিকভাবে এই আপত্তির মীমাংসা আগেই হয়ে গেছে। সুরুজের রিটে ভোট স্থগিত হয়ে যাওয়ায় বিএনপি এই ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছে। কারণ, সুরুজ নিজে ক্ষমতাসীন দলের একজন নেতা। অবশ্য আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আদালতের আদেশের পর পরই আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। আর সেদিন তিনি দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তিনিও তাকে আইনি লড়াইয়ের নির্দেশ দেন। সুরুজ বিয়ের সূত্রে গাজীপুরে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত আজমত উল্লাহ খানের বেয়াই হন। আর ভোট স্থগিত হয়ে যাওয়ার পর আজমত সমর্থকরা সামাজিক মাধ্যমে উল্লাস করেছেন। যদিও সুরুজ দাবি করেছেন, আদালতে তার ছুটোছুটিতে আজমতের সঙ্গে তার সম্পর্কের কোনো বিষয় নেই। তিনি পাঁচ বছর ধরেই এই চেষ্টা চালিয়ে আসছেন।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩