
ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: গতবারের চেয়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ৩৫ হাজার পরীক্ষার্থী কমেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এবার ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসির মোট পরীক্ষার্থী ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন। গতবার এই সংখ্যা ছিল ১২ লাখ ১৮ হাজার ৬২৮। সে হিসেবে এবার পরীক্ষার্থী কমেছে ৩৪ হাজার ৯৪২ জন। নাহিদ বলেন, এবার মোট ৮ হাজার ৮৬৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৪৯৭টি কেন্দ্রে পরীক্ষা দেবে। তবে গতবারের চেয়ে পরীক্ষার্থী কমলেও এবার ৩৩১টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৪৫টি পরীক্ষাকেন্দ্র বেড়েছে। বিদেশের সাতটি কেন্দ্রে ২৭১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে বলে জানান শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনে পরীক্ষার্থী কমে যাওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, দুই বছর আগে এসএসসিতে পাসের হার কম হওয়া এবং গত বছর যশোর শিক্ষা বোর্ডে প্রায় ২৫ হাজার অনিয়মিত শিক্ষার্থী থাকায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। শিক্ষামন্ত্রী জানান, এবারের এইচএসসি পরীক্ষায় আটটি সাধারণ বোর্ডের অধীনে ৯ লাখ ৮২ হাজার ৭৮৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯৯ হাজার ৩২০ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম-এ ৯৬ হাজার ৯১৪ জন এবং ডিআইবিএসে ৪ হাজার ৬৬৯ জন পরীক্ষা দেবে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন এবং ছাত্রী ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী পরীক্ষার প্রস্তুতি এবং প্রশ্নপত্র ফাঁস রোধে গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩