প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ৩:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২০, ৯:৩১ অপরাহ্ণ
কুমারখালীর ইউপি সদস্য আনসার আলীর বিরুদ্ধে আদালতে মামলা!

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আনসার আলী এবং তার ভাই হানিফ কর্তৃক সরকারি চাল হতদরিদ্রের মাঝে বিক্রয় করার অপরাধে আনসার আলী এবং তার ভাই হানিফ’র বিরুদ্ধে আদালত স্বপ্রনোদিত মামলা দায়ের করেছেন।সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালত স্বপ্রণোদিত হয়ে এ মামলাটি করেন। মামলাটি ইস্যুকৃত ক্রিমিনাল মিসকেস নং ০১/২০২০ ফৌজদারি কার্যবিধি ১৯০(১) (সি) ধারায় আমলযোগ্য মামলাটি তদন্ত-পূর্বক আগামী ১০ জুন ২০২০ তারিখের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। মামলার নথি সূত্রে জানা যায়, গত রবিবার ৪ এপ্রিল ২০২০ ইংরেজি তারিখে “দৈনিক ইনকিলাব পত্রিকায়” কুষ্টিয়ার কুমারখালীতে ইউপি সদস্যের বাড়ি থেকে সরকারি চাল কিনে খাচ্ছে হতদরিদ্ররা শিরোনামে প্রকাশিত প্রতিবেদন অত্রাদালতের দৃষ্টিগোচর হয়। প্রতিবেদন থেকে জানা যায় কুমারখালী থানাধীন সদকী ইউনিয়ন পরিষদ এর ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনছার আলী এবং তার ভাই মো. হানিফ দীর্ঘদিন যাবৎ সরকারি চাল বিক্রিয় করছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। ইহা একটি ফৌজদারী অপরাধ। এর প্রেক্ষিতে সোমবার (২৭ এপ্রিল) কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালত স্বপ্রণোদিত হয়ে এ মামলাটি করেন। এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, ইউপি সদস্য ও তার ভাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে জন্য ইস্যুকৃত বিজ্ঞ আদালতের আদেশটি এখনও হাতে পায়নি। আদেশটি হাতে পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রসঙ্গত, ইউপি সদস্যের বাড়ি থেকে কর্মহীন হতদরিদ্রদের সরকারি চাল কিনে খাওয়া সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেজমিনে গিয়ে ওই ইউপি সদস্য ও তার ভাইয়ের বাড়িতে সরকারি কোনো চাল না পেলেও স্থানীয় একাধিক হতদরিদ্র মানুষের বাড়িতে সরকারি বস্তাসহ চাল দেখতে পান। এ সময় গ্রামের লোকজন ইউপি সদস্যের বাড়ি থেকে তারা সরকারি চাল কিনে খাচ্ছেন বলে জানান। গ্রামের হতদরিদ্র লোকজনের নিকট থেকে তথ্যসহ ভিডিও ফুটেজ সংগ্রহ করেন কর্মকর্তারা। পরে তারা ৬ জন হতদরিদ্র ব্যক্তির বাড়ি থেকে সরকারি বস্তাসহ চাল উদ্ধার করেন এবং পরবর্তী সময়ে তা খাদ্য গুদামে রেখে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান এ বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলেন খাদ্য কর্মকর্তাকে। রবিবার (২৬ এপ্রিল) একাধিক বিশ্বস্থ সূত্র নাম প্রকাশ না কারার শর্তে জানান, ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই আনছার আলী ও তার ভাইসহ অন্যান্য আত্মীয় স্বজনেরা সরকারি চাল বিক্রি করে আসছেন। এলাকাবাসীর ধারণা ইউপি সদস্য গোপনে হয়তো স্বজনদের নামে ভুয়া কার্ড তৈরি করে রেখেছেন। আর ওই কার্ডের সাহায্যে চাল উত্তোলন করে হতদরিদ্র মানুষের কাছেই দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছেন। স্থানীয় সর্বস্তরের মানুষ এ বিষয়ে সঠিক তদন্তসহ দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী করেছেন।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩
Copyright © Goraynews24.com all rights reserved.- 2024