
ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: ৪৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশীর আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২২ আগস্ট) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ সংস্থাটির উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী মামলাটি দায়ের করেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশীর আহমেদ অবৈধ উপায়ে বিভিন্ন অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে এসব সম্পদের মালিক হয়েছেন। দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি এক কোটি ৭৬ লাখ ১০ হাজার ৫৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। এ ছাড়া, দুদকের অনুসন্ধানে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪১ কোটি ৮৭ লাখ ৯১ হাজার ৬৫৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া গেছে। যে কারণে আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩