গড়াই নিউজ২৪.কম::গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রীকে ছুরিকাঘাত করেছেন তার স্বামী। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ মে) রাতে তার মৃত্যু হয়েছে।হত্যার অভিযোগে পুলিশ নিহত নারীর স্বামী রতন আলীকে (৩৩) গ্রেফতার করেছে।
নিহত আরজিনা আক্তার (৩৫)। তিনি কালিয়াকৈর উপজেলার কলাবাধা এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। গ্রেফতার রতন আলী নওগাঁ সদর উপজেলার মুকরামপুর এলাকার মুনসুর আলীর ছেলে।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, প্রায় ৪ মাস আগে রতন ভালোবেসে আরজিনাকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরে আরজিনা জানতে পারে তার স্বামীর সঙ্গে স্থানীয় একটি পোশাক কারখানায় মেয়ের পরকিয়া সম্পর্ক আছে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি, মনোমালিন্য ও ঝগড়া বিবাদ চলে আসছে। পরকিয়ার জের ধরে স্ত্রী আরজিনা আক্তার গত বুধবার (২৬ মে) সকালে মৌচাক বাজারে কাজী অফিসে গিয়ে তার স্বামী রতন আলীকে তালাক দেয়। ওই সময় তার স্বামীকে মোবাইলফোনে তালাক দেওয়ার বিষয়টি জানান। তালাক দেওয়ায় রতন ক্ষিপ্ত হয়ে একটি ধারালো ছুরি নিয়ে মৌচাক বাজারে আসেন। তালাক দিয়ে বাড়ি ফেরার সময় মৌচাক সুফিয়া হাসপাতালের সামনে রতন তার স্ত্রীর গতিরোধ করেন। প্রকাশ্যে ছুরি দিয়ে পেটের মধ্যে আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে আশপাশের লোকজন রতনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন এবং আরজিনাকে উদ্ধার করে প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত রতন আলী বৃহস্পতিবার (২৮ মে) গাজীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
শারমিন আক্তার সোমা/গড়াই নিউজ২৪.কম::
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩